আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদি আরবে পাকিস্তানের যুদ্ধবিমান মোতায়েন, নিরাপত্তা সহযোগিতা জোরদার।

নিজেস্ব প্রতিবেদক:

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে ওঠার মধ্যে সৌদি আরবে যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে শনিবার (১১ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে ইরানের একাধিক হামলার পর এই পদক্ষেপ নেওয়া হয়। হামলায় সৌদির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং এক সৌদি নাগরিক নিহত হন বলে দাবি করা হয়েছে।

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, কোনো এক দেশের ওপর আক্রমণ হলে সেটিকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। সেই কাঠামোর আওতায়ই সাম্প্রতিক সামরিক সহযোগিতা আরও দৃশ্যমান হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের যুদ্ধবিমান ও অন্যান্য সহায়ক বিমান ইতোমধ্যে পূর্বাঞ্চলের কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে পৌঁছেছে। এ মোতায়েনকে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে পাকিস্তান দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে সামরিক ও প্রশিক্ষণভিত্তিক সহযোগিতায় যুক্ত রয়েছে। অন্যদিকে অর্থনৈতিক সংকটের সময় সৌদি আরবও পাকিস্তানকে একাধিকবার আর্থিক সহায়তা দিয়েছে।

রয়টার্সের বরাতে আরও জানা যায়, সাম্প্রতিক সময়ে সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান পাকিস্তান সফর করেন, যা দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

এর আগে ২০১৮ সালে সৌদি আরব পাকিস্তানের জন্য ৬ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করে, যার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা অর্থ ও বিলম্বিত পরিশোধে তেল সরবরাহ অন্তর্ভুক্ত ছিল।

মতামত দিন