বিএনপির মনোনয়ন দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু সেই ভাইরাল তরুণী ফারজানা সিথীর।
সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কার্যক্রম চলছে।
এই প্রক্রিয়ার মধ্যেই শনিবার (১১ এপ্রিল) সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আলোচিত তরুণী ফারজানা সিথী। এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে নয়াপল্টনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ফরম নেওয়ার পর তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু না জানালেও সিথী বলেন, পরে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন। তিনি নড়াইল-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন এবং নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আশাবাদী বলেও জানান।
ব্যক্তিগত পরিচয়ে জানা যায়, যশোরের বাসিন্দা সিথী বর্তমানে ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। একই সঙ্গে তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থী (২০১৯-২০ সেশন)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্লোগান ও বক্তব্যের মাধ্যমে প্রথমে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে পুলিশের ভূমিকা নিয়ে করা মন্তব্য ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান। সরকার পতনের পর আরেক দফা বিতর্কেও জড়িয়ে আবারও আলোচনায় উঠে আসেন।

মতামত দিন