ভারত থেকে দেশে এলো আরও ৮ হাজার টন ডিজেল।
দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে নতুন করে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এই জ্বালানি সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশনস) কাজী মো. রবিউল আলম। তিনি জানান, ৭ এপ্রিল থেকে পাইপলাইনে পাম্পিং শুরু হয় এবং শুক্রবার দিবাগত রাতে চালানটি গ্রহণ সম্পন্ন হয়।
কর্মকর্তারা জানান, চলতি মাসে মোট চারটি ধাপে প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আনার পরিকল্পনা রয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ১৭ এপ্রিল পরবর্তী চালান আসবে।
এর আগেও মার্চ মাসের শেষ দিকে দুই দফায় পাইপলাইনের মাধ্যমে মোট ১২ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আনা হয়েছিল।
পার্বতীপুর ডিপোতে সংরক্ষিত এই জ্বালানি পরে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহ করা হবে। সংশ্লিষ্টদের মতে, পাইপলাইনের মাধ্যমে আমদানির ফলে পরিবহন খরচ ও সময় উভয়ই কমেছে, পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও আরও দ্রুত ও নিরাপদ হয়েছে।

মতামত দিন