রাতে ৬ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা।
দেশের ছয়টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (১২ এপ্রিল) সকাল পর্যন্ত সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
মতামত দিন