জাতীয়
ছবি: সংগৃহীত

চাঁদাবাজদের তালিকা তৈরিতে মাঠে নেমেছে র‍্যাব, দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

চাঁদাবাজির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা চূড়ান্ত হওয়ার পর জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

তার ভাষায়, চাঁদাবাজির ঘটনা পরিবহন খাত থেকে শুরু করে বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সেক্টরে ছড়িয়ে আছে। এসব সব ক্ষেত্রই তালিকাভুক্ত করা হচ্ছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, অনেক ভুক্তভোগী নিরাপত্তার কারণে অভিযোগ করতে চান না। তাই গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই করে তালিকা তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, তালিকাটি হবে সম্পূর্ণ নিরপেক্ষ। এতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত থাকবে না। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

মতামত দিন