আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেওয়া হবে। তবে কীভাবে তা বাস্তবায়ন করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, এই প্রক্রিয়া সহজ হবে না।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, প্রণালি খুলে দেওয়ার বিষয়ে অন্যান্য দেশও সহায়তা করার প্রস্তাব দিচ্ছে। তবে কোন কোন দেশ এই উদ্যোগে যুক্ত হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

তিনি বলেন, “অন্যান্য দেশও এই প্রণালি ব্যবহার করে। তাই আমরা দেখছি অন্য দেশগুলো এগিয়ে আসছে এবং তারা সহায়তা করবে। এটি সহজ হবে না। তবে আমি বলবো আমরা খুব শিগগিরই এটি খুলে দেবো।”

এর আগে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ বা অবরোধ পরিস্থিতিতে থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়।

এদিকে ট্রাম্প ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। তার অভিযোগ, প্রণালি নিরাপদ রাখতে তারা যথেষ্ট সহযোগিতা করেনি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অবস্থান জানানো হয়, যেখানে দ্রুত নিরাপত্তা নিশ্চিতে তাদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চাওয়া হয়েছে।

সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও, তেলের দাম ও অস্থিরতা দুটোই বেড়েছে।

ট্রাম্প সম্প্রতি যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল এখনো পুরোপুরি শুরু হয়নি।

মতামত দিন