অপরাধ
ছবি: সংগৃহীত

র‌্যাবের অভিযানে সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘কাইল্লা রক্সি’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তার বিরুদ্ধে মোট ২৮টি মামলার তথ্য পাওয়া গেছে।

র‌্যাব জানায়, শুক্রবার (১০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁওয়ের কেওডালা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সিকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি (৩৫) মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে।

র‌্যাব-১১-এর তথ্য অনুযায়ী, কাইল্লা রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁও ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এছাড়া সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে ঢাকা ও নারায়ণগঞ্জ অঞ্চলে সরবরাহের একটি সিন্ডিকেটও তিনি নিয়ন্ত্রণ করতেন বলে জানায় র‌্যাব। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পকারখানা থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র যাচাইয়ে এসব তথ্য পাওয়া গেছে। পরে তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মতামত দিন