কোনো শিক্ষার্থী দুইবারের বেশি ফেল করলে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী।
পাবলিক পরীক্ষায় একাধিকবার ব্যর্থ হওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সীমা নির্ধারণের ইঙ্গিত দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে দুইবারের বেশি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না।
শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিবদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী।
বর্তমান ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, একজন শিক্ষার্থী বারবার ফেল করার পরও তাকে পুনরায় নিবন্ধন ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা পুরো ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। এভাবে একই শিক্ষার্থীকে বারবার সুযোগ দেওয়া উচিত কি না—সে বিষয়টি এখন পুনর্বিবেচনার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমানে বিভিন্নভাবে প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের পাস করানোর প্রবণতা বাড়ছে, যা শিক্ষার মান উন্নয়নের পথে বাধা হতে পারে। শুধু পাস করানোর দিকে গুরুত্ব না দিয়ে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের দিকেই নজর দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

মতামত দিন