রাজধানীর দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘ফুয়েল পাস’ অ্যাপ।
জ্বালানি বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে এবং অনিয়ম কমাতে ডিজিটাল প্ল্যাটফর্মে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে ‘ফুয়েল পাস’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে কিউআর কোড ব্যবহার করে জ্বালানি সংগ্রহ করা যাবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তত্ত্বাবধানে তৈরি এই অ্যাপ আপাতত পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। প্রথম ধাপে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন ও আসাদগেটের সোনার বাংলা স্টেশনে এটি ব্যবহার করা হচ্ছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য এ সেবা উন্মুক্ত রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রচলিত পদ্ধতিতে জ্বালানি বিতরণের কারণে অনেক সময় অপ্রয়োজনীয় ভিড়, দীর্ঘ লাইন এবং অপব্যবহারের সুযোগ তৈরি হয়। একই ব্যক্তি বারবার জ্বালানি নেওয়ার মতো ঘটনাও ঘটছে, যা সরবরাহে কৃত্রিম চাপ সৃষ্টি করছে। এসব সমস্যা কমাতে ডিজিটাল পদ্ধতিতে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় ব্যবহারকারীর জন্য একটি নির্দিষ্ট কিউআর কোড তৈরি হবে। ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় সেটি স্ক্যান করলে নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি পাওয়া যাবে। একইসঙ্গে কেন্দ্রীয়ভাবে পুরো বিতরণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
যাদের স্মার্টফোন নেই, তারাও ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন। পুরো সিস্টেমটি বিআরটিএ’র ডাটাবেসের সঙ্গে যুক্ত থাকবে, ফলে যানবাহনভিত্তিক তথ্য যাচাই সহজ হবে বলে আশা করা হচ্ছে।
কীভাবে নিবন্ধন করবেন
ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর থেকে ‘ফুয়েল পাস’ অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বর যাচাই করতে হবে। এরপর যানবাহনের তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করলে স্বয়ংক্রিয়ভাবে কিউআর কোড পাওয়া যাবে, যা ব্যবহার করে জ্বালানি সংগ্রহ করা যাবে।

মতামত দিন