আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কসংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের কয়েকটি অঞ্চলে সন্ধ্যার পর থেকে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বিকেল ৪টা থেকে রাত ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে।

তবে বৃষ্টির সম্ভাবনার মধ্যেও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। দিনের তাপমাত্রা সারা দেশে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যদিও রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন নাও হতে পারে।

আবহাওয়া বিশ্লেষণে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি মৌসুমি স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যা আবহাওয়ার এই পরিবর্তনে প্রভাব ফেলছে।

মতামত দিন