হরমুজে টহল শেষে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন।
হরমুজ প্রণালীর আকাশে টহল শেষে হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়েছে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০০ মিলিয়ন ডলার মূল্যের এমকিউ-৪সি ট্রাইটন ড্রোনটি শুক্রবার টহল শেষে ফেরার পথে জরুরি সংকেত পাঠায়।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ এলাকায় প্রায় তিন ঘণ্টা নজরদারি চালায়। পরে ইতালির একটি নৌঘাঁটির দিকে ফিরে যাওয়ার সময় হঠাৎ জরুরি ‘৭৭০০’ কোড পাঠায়, যা সাধারণত বিপদের ইঙ্গিত বহন করে।
এরপর দ্রুত উচ্চতা হারাতে থাকে ড্রোনটি। এক পর্যায়ে ট্র্যাকিং ডেটায় দেখা যায়, এটি সামান্য দিক পরিবর্তন করে ইরানের দিকেই নেমে যাচ্ছে। কিছুক্ষণ পর সেটি সম্পূর্ণভাবে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
ড্রোনটি বিধ্বস্ত হয়েছে, নাকি কোনো কারণে ভূপাতিত করা হয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় চালুর আলোচনা চলছে।
উল্লেখ্য, এমকিউ-৪সি ট্রাইটন যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত মানববিহীন নজরদারি বিমান, যা দীর্ঘ সময় ধরে উচ্চ আকাশে থেকে সমুদ্র অঞ্চলে পর্যবেক্ষণ চালাতে সক্ষম।
সূত্র: ফার্স্ট পোস্ট
মতামত দিন