হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ি, দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজের অনুমতি ইরানের।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নতুন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চালু করেছে ইরান।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস-এর প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী এই জলপথ দিয়ে প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে।
পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করা এই প্রণালিটি প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ। এর এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান অবস্থিত। বৈশ্বিক জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।
যুদ্ধ শুরুর আগে এখানে প্রতিদিন গড়ে প্রায় ১৪০টি জাহাজ চলাচল করলেও সংঘাতের পর পরিস্থিতি বদলে যায়। এরপর ইরান ধাপে ধাপে নিয়ন্ত্রণ বাড়িয়ে এখন কঠোর সীমাবদ্ধতা আরোপ করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, জাহাজ চলাচল সম্পূর্ণভাবে ইরানের অনুমোদন ও নির্দিষ্ট প্রোটোকলের অধীনে থাকবে। এ পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
তাস-এর প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের ১০ দফা প্রস্তাবনার অংশ হিসেবেই এই সীমাবদ্ধতা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই এবং বিদেশি জাহাজ চলাচল এখন সম্পূর্ণ অনুমোদন নির্ভর।
এদিকে চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতির আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: তাস
মতামত দিন