আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকা-আশুলিয়ার যেসব এলাকায়।
ঢাকা-আশুলিয়া এলাকায় পাইপলাইন স্থানান্তরের জরুরি কাজের কারণে টানা একদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের জন্য এই সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় এই কাজ করা হবে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না, তার মধ্যে রয়েছে— আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশ, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের দুই পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডাবর, ভাদাইল ও লতিফপুরসহ আশপাশের এলাকা।
এছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানানো হয়েছে।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মতামত দিন