আবহাওয়া
ছবি: সংগৃহীত

চার জেলায় দুপুরেই কালবৈশাখীর আশঙ্কা, সারা দেশেই বজ্রবৃষ্টির সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যেই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এর সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

একই দিনে দেশের আট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

তবে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে তাপমাত্রা কিছুটা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯১ শতাংশ।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার চিত্রে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়লেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

উল্লেখ্য, গতকাল রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪১ মিনিটে।

মতামত দিন