রিজার্ভে ইতিবাচক ধারা, রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৬৪ বিলিয়ন ডলার।
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ধারায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে দাঁড়িয়েছে ৩৪.৬৪ বিলিয়ন ডলার।
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯.৯৫ বিলিয়ন ডলার।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বৈদেশিক লেনদেন, রেমিট্যান্স প্রবাহ এবং আমদানি ব্যয়ের ওপর নির্ভর করে রিজার্ভের এই অবস্থান নির্ধারিত হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ায় রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানায়, এই রিজার্ভ দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। আমদানি ব্যয় পরিশোধ এবং বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে এটি একটি সুরক্ষা হিসেবে কাজ করে।
উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভকে ব্যবহারযোগ্য রিজার্ভের প্রকৃত প্রতিফলন হিসেবে ধরা হয়, যা অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ সূচক।

মতামত দিন