জাতীয়
ছবি: সংগৃহীত

আগামী ১৪ এপ্রিল দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে চালু হবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম।

নিজেস্ব প্রতিবেদক:

কৃষকদের সরাসরি সহায়তা দিতে নতুন একটি ডিজিটাল কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সংক্রান্ত তথ্য বৃহস্পতিবার (৯ এপ্রিল) সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি ভর্তুকি, কৃষিঋণ ও প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে মধ্যস্বত্বভোগীর প্রভাব কমে কৃষকরা ন্যায্য সুবিধা পাবেন বলে আশা করছে সংশ্লিষ্টরা।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এই কার্যক্রম বাস্তবায়ন করবে। প্রাথমিকভাবে নির্বাচিত জেলাগুলোতে এটি চালু করা হলেও পরবর্তীতে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, এই কর্মসূচির আওতায় একজন কৃষক গড়ে প্রায় ২ হাজার ৫০০ টাকা সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ পাবেন।

নববর্ষের দিনে এ উদ্যোগের উদ্বোধন ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ইতোমধ্যেই উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, কৃষি খাতে ডিজিটাল রূপান্তরের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মতামত দিন