অপরাধ
ছবি: সংগৃহীত

ভালুকায় বেশি দামে এলপি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানের ২ লাখ টাকা জরিমানা।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দুইটি পাইকারি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সিডস্টোর ও হবিরবাড়ী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-১৪ এর যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নির্ধারিত মূল্য না মেনে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে মেসার্স এনএন এন্টারপ্রাইজ এবং মীম এন্টারপ্রাইজকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠান দুটি পাইকারি পর্যায়ে নির্ধারিত দামের বাইরে গিয়ে খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তাদের কাছে এলপি গ্যাস বিক্রি করছে। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের প্রমাণও পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ কারণে তাদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালাম। এ সময় র‍্যাব-১৪ ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার লুৎফা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, এলপি গ্যাস বাজারে সিন্ডিকেট ও অনিয়ম রোধে নিয়মিত অভিযান চলবে এবং ভোক্তাদের জন্য সহনীয় দাম নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে।

মতামত দিন