কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ চালু করল বিপিসি, ঢাকায় পাইলটিং কার্যক্রম শুরু।
প্রাথমিকভাবে অ্যাপটি মোটরসাইকেল চালকদের জন্য ঢাকার দুইটি ফিলিং স্টেশনে—তেজগাঁওয়ের ট্রাস্ট ও আসাদগেটের সোনারবাংলা স্টেশনে—পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে। সফলতা পেলে ধাপে ধাপে সারা দেশে সব ধরনের যানবাহনের জন্য এটি উন্মুক্ত করা হবে।
জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, ম্যানুয়াল প্রক্রিয়ায় জ্বালানি বিতরণে দীর্ঘ সারি, সময়ক্ষেপণ এবং অনিয়মের অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে একই ব্যক্তি একাধিকবার লাইনে দাঁড়িয়ে প্রয়োজনের বেশি জ্বালানি সংগ্রহ করায় কৃত্রিম সংকটও তৈরি হচ্ছে।
নতুন ব্যবস্থায় এসব সমস্যা কমাতে অটোমেশন ও রিয়েল-টাইম মনিটরিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে। সিস্টেমটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কেন্দ্রীয় ডাটাবেজের সঙ্গে যুক্ত থাকবে, ফলে যানবাহনের তথ্য যাচাই সহজ হবে।
স্মার্টফোন না থাকলেও ব্যবহারকারীরা ওয়েবসাইটে নিবন্ধন করে কিউআর কোড সংগ্রহ ও প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। ফিলিং স্টেশনগুলো ডিজিটালভাবে বরাদ্দ এন্ট্রি দিয়ে জ্বালানি বিতরণ করবে।
কিউআর কোড স্ক্যানের মাধ্যমে চালকরা নির্ধারিত বরাদ্দ অনুযায়ী জ্বালানি নিতে পারবেন এবং নিজেদের ব্যবহারও দেখতে পারবেন। কেন্দ্রীয় ড্যাশবোর্ড থেকে পুরো দেশের জ্বালানি বিতরণ ব্যবস্থা রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগ সফল হলে জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়বে, অপচয় ও অনিয়ম কমবে এবং সংকটকালীন পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যাবে।
মতামত দিন