আবু সাঈদ হত্যা মামলায় রায় ঘোষণা,২ আসামির মৃত্যুদণ্ড ও ৩০ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা।
জুলাই আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে দুইজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবনসহ মোট ৩০ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা শুরু করেন। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ে পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তিনজন হলেন— রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার আরিফুজ্জামান জীবন, তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম নয়ন এবং বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ বিভূতি ভূষণ রায় মাধব।
এছাড়া সাবেক উপাচার্যসহ প্রশাসন ও পুলিশ বিভাগের কয়েকজন কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় আরও কয়েকজনকে ৫ বছর ও ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের রায়ে ছাত্রলীগের সাবেক নেতাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের কর্মচারীরাও বিভিন্ন মেয়াদের সাজা পেয়েছেন। কয়েকজন আসামির ক্ষেত্রে হাজতবাসকে সাজা হিসেবে গণ্য করা হয়েছে বলেও জানানো হয়।

মতামত দিন