প্রতারণা মামলায় ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতার ২ দিনের রিমান্ড মঞ্জুর।
প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
শুনানির সময় মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক জহুরুল ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তবে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ডের অনুমতি দেন।
মামলার নথি অনুযায়ী, ফেসবুকভিত্তিক একটি ইনভেস্টর গ্রুপের মাধ্যমে শাকিরুল ইসলাম হিমেলের সঙ্গে পরিচয় হয় মাহির। পরে ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব দিয়ে তিনি ভুক্তভোগীর কাছ থেকে ধাপে ধাপে মোট ৩৮ লাখ ২৮ হাজার ১৫০ টাকা নেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, লাভসহ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা পরিশোধ করা হয়নি। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে চলে যান।
এর আগে গত ৪ এপ্রিল রাজধানীর উত্তর ইব্রাহিমপুর এলাকা থেকে তাকে আটক করে ভুক্তভোগীরা পুলিশে সোপর্দ করেন। পরে ৫ এপ্রিল ভুক্তভোগীর ভাই কাফরুল থানায় মামলা দায়ের করেন।
মতামত দিন