খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পরই বড় ঘোষণা তামিমের, বাড়ছে ক্রিকেটারদের পারিশ্রমিক।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন এনেছে। নারী ও পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি ও মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত অ্যাডহক কমিটি।

বুধবার (৮ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অ্যাডহক কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি তামিম ইকবাল।

তিনি বলেন, ঘরোয়া ক্রিকেটে নারী ক্রিকেটারদের বর্তমান পারিশ্রমিক কাঠামো অপ্রতুল। আগে একসময় ম্যাচ ফি মাত্র ১ হাজার টাকা ছিল, পরে তা ৫ হাজারে উন্নীত হলেও তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারী ক্রিকেটাররা এখন থেকে টি-টোয়েন্টিতে ১০ হাজার টাকা, ওয়ানডেতে ১৫ হাজার টাকা এবং চার দিনের ম্যাচে ২০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। পাশাপাশি চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের মাসিক বেতন ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

পুরুষদের ঘরোয়া ক্রিকেটেও পরিবর্তন আনা হয়েছে। লঙ্গার ভার্সন ম্যাচে আগে যেখানে ক্রিকেটাররা ৭০ হাজার টাকা পেতেন, এখন তা বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগের পর বোর্ড পুনর্গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর তামিম ইকবালকে নেতৃত্বে রেখে গঠন করা হয় অ্যাডহক কমিটি, যা দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই এই সিদ্ধান্ত নেয়।

মতামত দিন