সপ্তাহে তিন দিন সশরীরে ক্লাস,বাকি দিন অনলাইন—নতুন রুটিন চালুর পরিকল্পনা।
শিক্ষা কার্যক্রমে নতুন সময়সূচি চালুর পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস পরিচালিত হবে, যা মূলত মহানগর ও মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রযোজ্য হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস করবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে।
মন্ত্রী বলেন, আগামী রোববার (১২ এপ্রিল) থেকে অনলাইন ক্লাস শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই অনলাইন ক্লাস পরিচালনা করবেন।
তিনি আরও জানান, শুরুতে এই ব্যবস্থা শুধু বড় শহর ও মেট্রোপলিটন এলাকার বেশি শিক্ষার্থী থাকা প্রতিষ্ঠানগুলোতে চালু করা হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এটি বাধ্যতামূলক নয়।
ইন্টারনেট ও প্রযুক্তিগত অবকাঠামোগত সমস্যার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন মন্ত্রী।
মতামত দিন