এসি বাস ও মিনিবাসের জন্য নতুন ভাড়া তালিকা ডিসপ্লেতে প্রদর্শন করা হবে: সড়কমন্ত্রী।
গণপরিবহনে শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য পৃথক ভাড়ার তালিকা চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে যাত্রীদের সুবিধার জন্য এসব ভাড়ার তালিকা বাসের ভেতরে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী প্রতিটি মহানগর, জেলা ও বিভাগে পরিবহন ব্যবস্থাপনা কমিটি গঠনের বিধান রয়েছে। এসব কমিটি সংশ্লিষ্ট এলাকার সড়কের সক্ষমতা বিবেচনায় রুট নির্ধারণ ও যানবাহনের অনুমোদন দিয়ে থাকে।
তিনি আরও জানান, সরকারি গেজেটের মাধ্যমে গণপরিবহনের ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। পরে বিআরটিএ সেই ভাড়ার তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এবং বাস মালিকদের দৃশ্যমান স্থানে তা প্রদর্শনের নির্দেশ দেয়।
বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা কার্যকর রয়েছে। তবে দ্রুতই এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়ার কাঠামো তৈরি করে তা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীদের জন্য সহজভাবে দেখানোর ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।

মতামত দিন