যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল,আমাদের আঙুল ট্রিগারেই রয়েছে:নেতানিয়াহু।
যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি শান্ত হয়নি—এমন ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল।
বুধবার (৮ এপ্রিল) টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিরতি সাময়িক। ইসরায়েলের বাহিনী প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত অভিযান পুনরায় শুরু হতে পারে।
নেতানিয়াহুর দাবি, টানা ছয় সপ্তাহের সংঘাতে ইরানকে বড় ধরনের ধাক্কা দেওয়া হয়েছে। এতে ইসরায়েল এখন আগের তুলনায় আরও শক্ত অবস্থানে রয়েছে।
তবে তিনি স্বীকার করেন, এখনো কিছু লক্ষ্য পূরণ হয়নি। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম মজুদ পুরোপুরি সরিয়ে ফেলা তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। আলোচনার মাধ্যমে না হলে শক্তি প্রয়োগ করেও তা অর্জন করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, যুদ্ধবিরতি মানেই এই নয় যে অভিযান শেষ। বরং এটি একটি বিরতি, যা প্রয়োজন হলে আবারও সংঘাতে রূপ নিতে পারে।
একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই দুই সপ্তাহের এই বিরতি কার্যকর হয়েছে। ভবিষ্যৎ আলোচনায় ইরান দুর্বল অবস্থানে থাকবে বলেও দাবি করেন তিনি।
এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মতামত দিন