ইরানকে অস্ত্র দিলে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের।
দেড় মাসের টানাপোড়েনের পর যখন সংঘাত থামাতে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, ঠিক সেই সময়ই নতুন করে চাপ তৈরির বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের কাছে অস্ত্র পাঠানো দেশগুলোর বিরুদ্ধে কড়া অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (৮ এপ্রিল) নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যেসব দেশ ইরানে সামরিক সরঞ্জাম সরবরাহ করবে, তাদের যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর সরাসরি ৫০ শতাংশ শুল্ক বসানো হবে।
তার ভাষায়, এই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কার্যকর হবে এবং কোনো দেশের জন্য আলাদা সুবিধা বা ছাড় রাখা হবে না।
উল্লেখযোগ্য বিষয় হলো, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘোষণা আসে। ফলে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগে জানুয়ারিতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের সঙ্গে বাণিজ্য চালালে সংশ্লিষ্ট দেশগুলোকে ২৫ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে। তবে এবার অস্ত্র সরবরাহের বিষয়টিকে সামনে এনে সেই হার বাড়িয়ে দ্বিগুণ করলেন তিনি।

মতামত দিন