ট্রাম্প বাধ্য হয়েছেন ১০ দফা শর্ত মানতে :দাবি ইরানের।
ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত কমাতে তারা ১০ দফা শর্ত উপস্থাপন করেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেনে নিতে হয়েছে বলে জানিয়েছে তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, এই শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আক্রমণ বন্ধ রাখা, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ নিশ্চিত করা, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার স্বীকৃতি দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
ইরানের ফার্স বার্তাসংস্থার বরাতে ওই ১০টি শর্ত হলো:
১. পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার।
২. ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে সব ধরনের আগ্রাসন সম্পূর্ণ বন্ধ রাখা।
৩. মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং আঞ্চলিক ঘাঁটি থেকে ইরানের ওপর কোনো হামলা না করা।
৪. দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালিতে সীমিত সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি।
৫. ইরানের ওপর আরোপিত সব প্রাথমিক, মাধ্যমিক এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার।
৬. যুদ্ধের কারণে ইরানকে ক্ষতি পূরণ করতে বিনিয়োগ ও আর্থিক তহবিল গঠন।
৭. পারমাণবিক উপাদান সমৃদ্ধ করার ইরানের অধিকার যুক্তরাষ্ট্র স্বীকার করবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা নিয়ে আলোচনা হবে।
৮. মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক শান্তিচুক্তি নিয়ে আলোচনার অনুমতি।
৯. মধ্যপ্রাচ্যের সব প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে অনাগ্রাসন নীতি সম্প্রসারণ।
১০. সব প্রতিশ্রুতি জাতিসংঘের আনুষ্ঠানিক প্রস্তাবের মাধ্যমে অনুমোদন।
প্রতিবেদন অনুযায়ী, লেবাননসহ অন্যান্য অঞ্চলে চলমান সংঘাত বন্ধ করার শর্তও অন্তর্ভুক্ত। আলোচনার সময় হরমুজ প্রণালির নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে।
তবে এই দাবিগুলোর স্বাধীন সত্যতা এখনও যাচাই করা যায়নি, এবং ওয়াশিংটনের পক্ষ থেকেও কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন