ইরান যুদ্ধে জিতেছেন ঘোষণা করে এবার হরমুজে টোল বসাতে চান ট্রাম্প।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই পথ ব্যবহারকারী জাহাজগুলোর ওপর যুক্তরাষ্ট্র নিজেই টোল আরোপের বিষয়টি বিবেচনা করছে।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানকে এ সুবিধা দেওয়ার কোনো কারণ দেখছেন না তিনি। তার ভাষায়, “আমরা কেন টোল নেব না? পরিস্থিতিতে আমরা এগিয়ে আছি।”
তবে বিশ্লেষকরা মনে করছেন, এমন সিদ্ধান্ত কার্যকর করতে হলে প্রণালিতে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা প্রয়োজন হবে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।
ট্রাম্প আবারও দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় দুর্বল হয়েছে। যদিও দেশটি এখনও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং প্রণালিতে তাদের প্রভাব বজায় রেখেছে। তার মতে, ইরান বর্তমানে মূলত সামুদ্রিক মাইন ব্যবহার করেই কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা করছে।
এদিকে, ইরানকে সরাসরি সতর্ক করে ট্রাম্প বলেন, যদি প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক না রাখা হয় এবং যুক্তরাষ্ট্রের শর্ত মানা না হয়, তাহলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো—যেমন সেতু ও বিদ্যুৎকেন্দ্র—টার্গেট করে হামলা চালানো হতে পারে।
তিনি আরও স্পষ্ট করে জানান, যেকোনো সমঝোতায় তেল পরিবহন নির্বিঘ্ন রাখা বাধ্যতামূলক শর্ত হিসেবে থাকবে।
মতামত দিন