মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) ইরানের নাগরিকদের ট্রেনে ভ্রমণ না করতে এবং রেললাইন ও রেল অবকাঠামোর আশপাশ থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে।
এমন এক সময়ে এই সতর্কবার্তা দেয়া হয়েছে, যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফারসি ভাষায় একটি বার্তা প্রকাশ করে জানায়, স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত ইরানিদের সব ধরনের ট্রেনযাত্রা এড়িয়ে চলতে হবে। বার্তায় বলা হয়, ট্রেনে থাকা বা রেলপথের কাছে অবস্থান করা বেসামরিক মানুষের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হতে পারে।
এদিকে, ইরানে ইন্টারনেট ব্যবহারে বিধি-নিষেধ থাকায় দেশটির অনেক নাগরিক সরাসরি এই বার্তাটি দেখতে পারছেন না। তবে, বিদেশভিত্তিক ফারসি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে সতর্কবার্তা প্রচারিত হচ্ছে, যা ধীরে ধীরে দেশে ছড়িয়ে পড়ছে।
মতামত দিন