শরীয়তপুরে অবৈধ সিসা উৎপাদনকারী কারখানা ধ্বংস, মালিকের বিরুদ্ধে মামলা।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সিসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার মহিষকান্দি এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কে.এম রাফসান রাব্বি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এর আগেও কারখানাটিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল, কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের আঁধারে পুনরায় কার্যক্রম চালু রাখে কারখানা কর্তৃপক্ষ।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, "সিসাদূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে এবং কৃষি ও প্রাণিসম্পদের ওপরও বিরূপ প্রভাব ফেলে।" তিনি আরও জানান, পূর্বে ব্যবস্থা নেওয়ার পরও কারখানাটি গোপনে কার্যক্রম চালিয়ে যাওয়ায় এবার কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাফসান রাব্বি বলেন, "কারখানাটিতে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করা হচ্ছিল, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।" অভিযানে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ভূমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

মতামত দিন