সৌদি আরবে দফায় দফায় ইরানের ড্রোন হামলা।
সৌদি আরবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১৮টি ড্রোন হামলা ভূপাতিত করার খবর পাওয়া গেছে। দেশটির সামরিক বাহিনী জানায়, গত কয়েক ঘণ্টায় আক্রমণাত্মক ড্রোনগুলোকে শনাক্ত করে সফলভাবে ধ্বংস করা হয়েছে।
এদিকে, ইরান সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নির্মাণাধীন যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র ‘স্টারগেট’ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে। ইরান দাবি করেছে, এই কেন্দ্রটি তাদের জন্য কৌশলগত স্থাপনা এবং আন্তর্জাতিক আইনের আওতায় পাল্টা জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।
তাছাড়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা 'অপারেশন ট্রু প্রমিস ৪'-এর অংশ হিসেবে এসব হামলা পরিচালনা করেছে।
এর মধ্যে কুয়েতে আল-আদিরি ঘাঁটি, বাগদাদ ও উত্তর ইরাকের বিভিন্ন স্থানে ইরানবিরোধী গোষ্ঠীর অবস্থান এবং সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি-সম্পৃক্ত একটি ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলার দাবি করা হয়েছে।

মতামত দিন