বিনোদন
ছবি: সংগৃহীত

রাহুলের মৃত্যুর প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে টালিপাড়া।

নিজেস্ব প্রতিবেদক:

অভিনয়শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার শিল্পীরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে ধারাবাহিক, সিনেমা—সব ধরনের কাজ স্থগিত থাকবে বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম

এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুকে ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। সাম্প্রতিক এক জরুরি বৈঠকে শিল্পী, প্রযোজক, পরিচালক ও টেকনিশিয়ানদের প্রতিনিধিরা একমত হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুটিং সেটে—বিশেষ করে আউটডোর লোকেশনে—শিল্পী ও কলাকুশলীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ঝুঁকি তৈরি হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

ফোরামের নেতারা জানিয়েছেন, হাজার হাজার শিল্পী ও টেকনিশিয়ান এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তাদের ভাষায়, প্রতিদিন কাজ করতে গিয়ে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে, যা আর মেনে নেওয়া সম্ভব নয়।

একই সঙ্গে ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, শুটিংয়ের প্রয়োজনে শিল্পীদের প্রায়ই দুর্গম ও ঝুঁকিপূর্ণ স্থানে যেতে হয়—নদী, সমুদ্র বা পাহাড়ে কাজ করতে হয়। এতদিন এসব ঝুঁকি সত্ত্বেও কাজ চালিয়ে গেলেও এবার নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করা যাচ্ছে না।

সম্প্রতি টালিপাড়ায় শিল্পীদের প্রতিবাদ কর্মসূচিও দেখা গেছে। রাহুলের মৃত্যুর ঘটনায় একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে তার পরিবারের পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্র উপকূলে দুর্ঘটনার শিকার হন রাহুল। সহশিল্পীকে উদ্ধার করা গেলেও তাকে জীবিত ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মতামত দিন