দেশে ফেরার অপেক্ষায় সাকিব আল হাসান।
জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, বিদেশে অবস্থান করলেও তার প্রধান লক্ষ্য এখন আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তি করে দেশে ফেরা। তিনি আশা করছেন, চলমান প্রক্রিয়া দ্রুত শেষ হলে দেশে ফিরতে আর দেরি হবে না।
সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পুরো বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। সবকিছু দ্রুত শেষ করতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে সময়সীমা পরিস্থিতির ওপর নির্ভর করবে।
দেশের বাইরে দীর্ঘ সময় কাটানো নিয়ে তিনি বলেন, নিজের মাতৃভূমি থেকে দূরে থাকা সহজ নয়। সুযোগ পেলেই দেশে ফিরে আসার তীব্র ইচ্ছা রয়েছে তার।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এই অলরাউন্ডার জানান, রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ সামনে থাকলেও আপাতত তিনি ক্রিকেট ক্যারিয়ারকেই অগ্রাধিকার দিচ্ছেন। একজন খেলোয়াড় হিসেবে সময় সীমিত হওয়ায় মাঠেই মনোযোগ ধরে রাখতে চান তিনি।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সঙ্গে তার যোগাযোগ প্রসঙ্গে সাকিব বলেন, আনুষ্ঠানিকভাবে কিছু আলোচনা হলেও বেশিরভাগ বিষয় তাকে নিজেই সামলাতে হচ্ছে। বোর্ড সক্রিয়ভাবে যুক্ত হলে সমাধান প্রক্রিয়া আরও দ্রুত হতে পারত বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময় তিনি দেশের বাইরে চলে যান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর দেশে ফেরা হয়নি তার। বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।

মতামত দিন