ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ।
নিজেস্ব প্রতিবেদক:
সারা দেশে আকস্মাৎ হামের প্রাদুর্ভাব ও শিশুসহ সাধারণ নাগরিকের মৃত্যু বৃদ্ধির ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ প্রদান করেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদের কাছে এটি পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করে উপদেষ্টাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ব্যারিস্টার আশরাফুল ইসলাম প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, হামের প্রাদুর্ভাবের পেছনে টিকাকরণের দায়িত্ব প্রাইভেট খাতে সরিয়ে দেওয়ার কারণে সরকারের দায়িত্বের অপব্যবহার রয়েছে। ফলে এই মারাত্মক রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তদন্ত না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, বিগ্রেডিয়ার (অব.) এম. সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সকল উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস-সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সাবেক ব্যক্তিগত সহকারীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানিয়েছেন, তিনি কেবল সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবেই নয়, আইনের শাসন, গণতন্ত্র, সরকারের জবাবদিহি এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সংগ্রামী হিসেবে এই নোটিশ প্রদান করেছেন।
এই পদক্ষেপের মাধ্যমে সরকারের দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং দেশের শিশু ও নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে বলে ব্যারিস্টার আশরাফুল ইসলাম আশা প্রকাশ করেছেন।
মতামত দিন