লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৭০ জন অভিবাসী নিখোঁজ,বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার।
লিবিয়ার উপকূলীয় এলাকায় এক নৌকা ডুবে অন্তত ৭০ জন অভিবাসী নিখোঁজ রয়েছেন। ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা।
স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, নৌকাটি শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে লিবিয়ার তাজউরা বন্দর থেকে ছেড়ে যাত্রা শুরু করে। পথে শক্তিশালী ঢেউ ও খারাপ আবহাওয়ার কারণে নৌকায় পানি ঢুকে যায় এবং কয়েক ঘণ্টার মধ্যেই এটি ডুবে যায়।
জার্মান উদ্ধার সংস্থা সি-ওয়াচ জানিয়েছে, তাদের বিমান দুর্ঘটনাস্থলে পৌঁছালে নৌকাটি উল্টে থাকতে দেখা যায়। কয়েকজন যাত্রী নৌকার পাশে আঁকড়ে ধরে ছিলেন, কিছু মানুষ পানিতে ভেসে যাচ্ছিলেন এবং কয়েকটি মৃতদেহও লক্ষ্য করা যায়। উদ্ধার তৎপরতায় একটি ইতালীয় ও একটি লাইবেরিয়ান বাণিজ্যিক জাহাজও অংশ নেয়। পরে জীবিতদের ইতালির লাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়।
উদ্ধার হওয়া ৩২ জনের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ ও মিশরের নাগরিক রয়েছে। উদ্ধার কার্যক্রমে দুজনের মরদেহও পাওয়া গেছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, নৌকাটি পুরোপুরি নিরাপদ ছিল না। প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় ১২০ জন যাত্রী ছিলেন। যদি এটি সত্য হয়, তাহলে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিবাসী দুর্ঘটনার মধ্যে একটি।
আইওএমের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ৩৩,৪৫০ জনের বেশি অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছে। চলতি বছরই অন্তত ৭২৫ জন নিখোঁজ হয়েছে। নিরাপদ ও বৈধ যাত্রাপথ না থাকায় মানুষ বিপজ্জনক পথে ইউরোপ যাওয়ার চেষ্টা করছেন, যার দাম অনেক সময় জীবন দিয়ে দিতে হয়।

মতামত দিন