আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

৪৫ দিনের যুদ্ধবিরতির পথে ইরান-যুক্তরাষ্ট্র, চলছে তীব্র আলোচনা!

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি মধ্যস্থতাকারী দেশ বর্তমানে চলমান সংঘাতের অবসানের জন্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা করার চেষ্টা করছে। এটি মূলত যুদ্ধের স্থায়ী সমাধানের পথে একটি মধ্যবর্তী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতার সম্ভাবনা কম। তবে এই শেষ প্রচেষ্টা ব্যর্থ হলে সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি চূড়ান্ত সমঝোতা না হয়, যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর বড় ধরনের হামলা চালাতে পারে, এবং ইরান পাল্টা আক্রমণে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও পানি সংক্রান্ত স্থাপনার ওপর হামলা করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মূলত ১০ দিনের সময়সীমা দিয়েছিলেন, যা সোমবার (৬ এপ্রিল) শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প গত রোববার সময়সীমা ২০ ঘণ্টা বাড়িয়ে দেন। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার পরিকল্পনা প্রস্তুত রেখেছে। তবে ট্রাম্পের উদ্দেশ্য ছিল চূড়ান্ত চুক্তির জন্য ইরানকে আরও একটি সুযোগ দেওয়া।

আলোচনায় পাকিস্তান, মিশর ও তুরস্ক মধ্যস্থতা করছে। পাশাপাশি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে টেক্সট বার্তা মাধ্যমে যোগাযোগ চলছে।

সূত্র বলেছে, সমঝোতা দুই ধাপে কার্যকর হবে। প্রথম ধাপে ৪৫ দিনের আংশিক যুদ্ধবিরতি থাকবে, যা চলাকালীন সময়ে স্থায়ী শান্তি ও চূড়ান্ত সমঝোতা নিয়ে আলোচনা হবে। প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো যেতে পারে। দ্বিতীয় ধাপে যুদ্ধ পুরোপুরি শেষ করার চূড়ান্ত চুক্তি বাস্তবায়িত হবে।

সূত্র: অ্যাক্সিওস

মতামত দিন