রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা।
রাশিয়ার প্রিমোরস্ক বন্দর এবং নিঝনি নভগোরোদ অঞ্চলের নরসি তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার খবর প্রথম রোববার (৫ এপ্রিল) রাশিয়ার স্থানীয় কর্মকর্তারা জানান।
প্রিমোরস্কে লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো বলেছেন, বন্দর এলাকায় একটি পাইপলাইনে ক্ষতি হয়েছে। এটি রাশিয়ার অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র। ক্ষতিগ্রস্ত পাইপলাইন থেকে তেল ফাঁটল ধরে ছড়িয়ে পড়েছে, যেখানে একটি জ্বালানির ট্যাংকে শার্পনেলের আঘাতও লেগেছে।
এদিকে নিঝনি নভগোরোদের গভর্নর গ্লেব নিকিতিন জানিয়েছেন, নরসি তেল শোধনাগারে দুটি ইউনিটে হামলার কারণে আগুন লেগেছে। এই স্থাপনাটি রাশিয়ার চতুর্থ বৃহত্তম শোধনাগার, যা দেশটির জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনীয় ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদি। তিনি বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে হামলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জ্বালানি অবকাঠামোর ওপর এই হামলা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করেছে এবং এ অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মতামত দিন