আজহারীর পর এবার শায়খ আহমাদুল্লাহ-র ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ-র ভিসা বাতিল করেছে। রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তার চলমান সফর হঠাৎই শেষ হয়ে যায়।
এর আগে একই ধরনের অভিযোগে মিজানুর রহমান আজহারি-কেও দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার আহমাদুল্লাহর বিরুদ্ধেও কঠোর অবস্থান নেয় অস্ট্রেলিয়া।
জানা গেছে, সিডনি বিমানবন্দরে অবস্থানকালে তাকে আনুষ্ঠানিকভাবে ভিসা বাতিলের বিষয়টি জানানো হয়। দেশটির অভিবাসনবিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট জানান, ঘৃণামূলক বা বিদ্বেষমূলক বক্তব্যের ক্ষেত্রে সরকার কোনো ধরনের ছাড় দেয় না।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অতীতের কিছু বক্তব্যের কারণেই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, অ্যাডিলেড ও পার্থে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও, ভিসা বাতিলের কারণে সেগুলো আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
মতামত দিন