জাতীয়
ছবি: সংগৃহীত

সাখাওয়াত হোসেনকে ঘিরে তদন্ত জোরদার, যেকোনো সময় গ্রেপ্তারের আশঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন-কে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।

অভিযোগ রয়েছে, ওয়ান-ইলেভেন সময়কালে তিনি নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সে সময় প্রভাবশালী মহলের নির্দেশ বাস্তবায়ন, রাজনৈতিক দল ভাঙার চেষ্টা এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও তার বিরুদ্ধে উঠে এসেছে। বিশেষ করে ২০০৮ সালের নির্বাচনে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো ও সংশ্লিষ্ট তথ্য সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ওই সময় সেনা-সমর্থিত প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এ প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে সাবেক সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তারের পর তার ভূমিকা নিয়েও নতুন করে অনুসন্ধান শুরু হয়েছে।

এছাড়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালেও তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে। একপর্যায়ে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে দেওয়া হলে অভ্যন্তরীণ অস্বস্তি তৈরি হয়। পরবর্তীতে সরকারের শীর্ষ পর্যায়ে তার প্রতি আস্থাও কমে যায় বলে জানা গেছে।

আরও অভিযোগ রয়েছে, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কার্যক্রমে তার পরিবারের প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে। বিশেষ করে তার ছেলে এম সাফাক হোসেনের বিরুদ্ধে বন্দর-সংক্রান্ত প্রকল্প, টেন্ডার এবং অবকাঠামোগত কাজে অনিয়ম ও কমিশন নেওয়ার অভিযোগ তদন্তের আওতায় আনা হচ্ছে।

একাধিক সূত্র জানিয়েছে, এসব অভিযোগের সত্যতা যাচাই করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং তিনি বর্তমানে নজরদারির মধ্যেই রয়েছেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

মতামত দিন