লক্ষ্মীপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে সংঘর্ষ, ওসিসহ আহত অন্তত ২০।
লক্ষ্মীপুর শহরে মিছিলকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী, পুলিশ এবং ছাত্রদল সংশ্লিষ্ট ‘জুলাই ফাইটার্স’ কর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে সদর থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হন।
রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে চকবাজার জামে মসজিদের সামনে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে রাত পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়।
ঘটনার সূত্রপাত আগের রাতেই। শনিবার রাতে হাসপাতাল সড়কে বৈষম্যবিরোধী আন্দোলনের এক শিক্ষার্থী ও ‘জুলাই ফাইটার্স’ ঘনিষ্ঠ ছাত্রদল নেতার মধ্যে বিরোধের জেরে হাতাহাতি হয়। এতে একজন আহত হন। এর জের ধরে পরদিন উভয় পক্ষ বিক্ষোভের ডাক দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন বিকেল থেকেই ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ করে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ করে। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
সংঘর্ষের মধ্যে ‘জুলাই ফাইটার্স’ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে এসে যুক্ত হলে উত্তেজনা আরও বাড়ে এবং আরও কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরে ছাত্রদলের একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের ফলে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ জানিয়েছে, ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

মতামত দিন