জাতীয়
ছবি: সংগৃহীত

সংসদে মাইক সমস্যায় ৪০ মিনিট অধিবেশন বন্ধ,কারণ জানালেন স্পিকার।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে আকস্মিকভাবে মাইক বিকল হয়ে পড়ায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। রোববার (৫ এপ্রিল) বিকেলে এ পরিস্থিতিতে প্রায় ৪০ মিনিটের জন্য অধিবেশন স্থগিত করা হয়।

বিরতির পর অধিবেশন পুনরায় শুরু হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এ বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি জানান, হঠাৎ করে মাইক কাজ না করায় তাৎক্ষণিকভাবে কারণ অনুসন্ধানের চেষ্টা করা হয়। তার ভাষ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট ক্ষুব্ধ জনতা সংসদ ভবনে প্রবেশ করে বিভিন্ন আসবাব ও বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করেছিল, যার প্রভাব এখনও রয়ে গেছে।

স্পিকার আরও বলেন, ২০২২ সালে স্থাপিত সংসদের মাইক ব্যবস্থা নিয়েও প্রশ্ন রয়েছে। এ সংক্রান্ত কোনো ওয়ারেন্টি বা কার্যকারিতা সংক্রান্ত নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে এটি কীভাবে স্থাপন করা হয়েছিল, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।

তিনি জানান, বিদেশি যে প্রতিষ্ঠানের মাধ্যমে মাইক সিস্টেমটি বসানো হয়েছিল, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মেরামতে আগ্রহ দেখায়নি। একইভাবে স্থানীয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।

এই পরিস্থিতিতে স্পিকার সংসদের সচিবকে পুরো বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ বের করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে বারবার এমন প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়া রাষ্ট্রের জন্য বিব্রতকর।

মতামত দিন