জাতীয়
ছবি: সংগৃহীত

তেল সংকট সামাল দিতে তারাগঞ্জে চালকদের আঙুলে অমোচনীয় কালি দিচ্ছে প্রশাসন।

নিজেস্ব প্রতিবেদক:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় নতুন এক পদ্ধতি চালু করেছে প্রশাসন। একই ব্যক্তি যেন বারবার তেল সংগ্রহ করতে না পারে, সে জন্য তেল নেওয়ার সময় চালকদের আঙুলে অমোচনীয় কালি দিয়ে চিহ্ন দেওয়া হচ্ছে।

রোববার (৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, মোটরসাইকেলের দীর্ঘ লাইন। তেল দেওয়ার আগে চালকের জাতীয় পরিচয়পত্র ও যানবাহনের কাগজপত্র যাচাই করা হচ্ছে। এরপর আঙুলে কালি লাগিয়ে একবারের জন্য তেল দেওয়া হচ্ছে, ফলে দিনে একাধিকবার তেল নেওয়ার সুযোগ থাকছে না।

প্রশাসনের নির্দেশে একাধিক ফিলিং স্টেশনে একযোগে তেল বিতরণ করা হচ্ছে। এর ফলে আগের তুলনায় কিছুটা হলেও ভিড় কমেছে বলে জানান সংশ্লিষ্টরা।

স্টেশন কর্তৃপক্ষ বলছে, সরবরাহ সীমিত থাকলেও চাহিদা বেশি হওয়ায় কিছু মানুষ অতিরিক্ত তেল সংগ্রহ করে মজুত বা বেশি দামে বিক্রির চেষ্টা করছিল। নতুন ব্যবস্থার ফলে এমন অনিয়ম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন জানান, বৈধ কাগজপত্র থাকলেই তেল পাওয়া যাবে। একজন যেন একাধিকবার তেল নিতে না পারে, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বোতল বা জারে তেল বিক্রি বন্ধ এবং লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাও অব্যাহত রয়েছে।

মতামত দিন