জাতীয়
ছবি: সংগৃহীত

কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার মহেশখালী ও রামুতে হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান অভিযান আজ (রোববার, ৫ এপ্রিল) শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এই প্রকল্পের আওতায় মোট ১ লাখ ২০ হাজার শিশুকে টিকা দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধনী বক্তৃতায় বলেন, শিশুদের সুরক্ষা সরকার সর্বদা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। হামের ঝুঁকি দেখা মাত্রই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে আছে আক্রান্ত এলাকায় সক্রিয় নজরদারি, সংক্রমিত শিশুদের জন্য ভিটামিন-এ ক্যাপসুল বিতরণ, এবং যাদের টিকা বাদ পড়েছে তাদের পুনরায় টিকাদান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আ. মান্নান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. মহিউদ্দীন আলমগীর, পুলিশ সুপার সাজেদুর রহমান এবং ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, মহেশখালী, হোয়াইক্যং, রামু ও শহরের কয়েকটি এলাকায় সংক্রমণ বেশি। একদিনে নতুন ভর্তি ২৫ জন শিশু, এবং মোট হাসপাতালে ভর্তি আছে ৭৫ জন। গত এক সপ্তাহে ১৩২ জন শিশু হাম আক্রান্ত হয়েছে, এবং ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত শিশুদের চিকিৎসা ও তত্ত্বাবধানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন