জাতীয়
ছবি: সংগৃহীত

ফুটওভারব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ঘণ্টা অবরোধ।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (৫ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কাঠেরপুল এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়রা ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। অবরোধ এক ঘণ্টার মতো চলার পর স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

চান্দিনা ও দেবীদ্বার উপজেলার কয়েকটি গ্রামের মানুষ কাঠেরপুল অংশে এই কর্মসূচি পালন করেন। এতে উভয় পাশে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

দুপুর ১টার দিকে স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হকসহ প্রশাসনের উচ্চপর্যায়ের প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছান। তারা জনতার সঙ্গে কথা বলে তাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন। এরপর এমপির প্রতিশ্রুতির পর জনতা মহাসড়ক ছাড়েন এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

ময়নামতি থানার হাইওয়ে পুলিশের ওসি আব্দুল মবিন জানান, অবরোধ প্রত্যাহার হওয়ায় যানজট ধীরে ধীরে কমে গেছে।

গত ১ এপ্রিল কাঠেরপুল এলাকায় মহাসড়ক পারাপারের সময় নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম লরির চাপায় নিহত হন। ৩ এপ্রিল সেই ঘটনার প্রতিবাদে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীর বক্তব্য অনুযায়ী, কাঠেরপুল অঞ্চল শিক্ষার্থী ও স্থানীয়দের জন্য বিপজ্জনক। এখানে গত তিন বছরে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। তাই দ্রুত ফুটওভারব্রিজ, ইউলুপ বা আন্ডারপাস নির্মাণ অপরিহার্য।

যদিও প্রশাসন ও স্থানীয় সচেতন মহল মনে করেন, এলাকায় ইতিমধ্যেই পাঁচটি ফুটওভারব্রিজ আছে, কিন্তু সেগুলো যথাযথভাবে ব্যবহার হচ্ছে না। দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা বাড়ানো জরুরি।

সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানিয়েছেন, নতুন ফুটওভারব্রিজ বা ইউলুপ স্থাপনের জন্য লিখিত আবেদন দিতে হবে। এরপর টেকনিক্যাল টিম পরিদর্শন করে সিদ্ধান্ত নেবে।

এদিকে সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, কাঠেরপুলে একটি ইউলুপের প্রয়োজন রয়েছে এবং দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেবেন।

মতামত দিন