রাজনীতি
ছবি: সংগৃহীত

বিসিবি তদন্তে সাক্ষাৎকারে কেন সাড়া দেননি, জানালেন আসিফ মাহমুদ।

নিজেস্ব প্রতিবেদক:

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিসিবি-সংক্রান্ত তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি। রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

নিজের বক্তব্যে তিনি জানান, কয়েকটি মৌলিক কারণে তিনি ওই সাক্ষাৎকারে অংশ নেননি। তার মতে, একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর ওপর মন্ত্রণালয়ের এমন তদন্ত পরিচালনা এখতিয়ারের বাইরে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই আগাম সিদ্ধান্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন, পুরো বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। এই অবস্থায় তদন্ত কার্যক্রম পরিচালনা করা আদালত অবমাননার শামিল হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

পোস্টে তিনি ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ তোলেন। তার দাবি, বোর্ডের পরিচালকদের ওপর প্রভাব খাটিয়ে ভবিষ্যৎ বোর্ডে পদ পাওয়ার প্রলোভন দেখানো হচ্ছে, আর এতে রাজি না হলে চাপ সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে।

আসিফ মাহমুদ আরও বলেন, তদন্ত কমিটির পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানতে চেয়েছিলেন—বিচারাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তাদের তদন্তের আইনগত ভিত্তি কী। কিন্তু এ বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাননি।

সবশেষে তিনি স্পষ্ট করেন, নিয়মবহির্ভূত বা আদালত অবমাননার ঝুঁকি থাকতে পারে—এমন কোনো প্রক্রিয়ায় সচেতনভাবে যুক্ত হতে তিনি রাজি নন। সেই কারণেই তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে সাড়া দেননি।

মতামত দিন