বেতনের দাবিতে তেজগাঁও লিংক রোড অবরোধ পোশাককর্মীদের।
রাজধানীর তেজগাঁও লিংক রোডের মুখে হঠাৎ সড়কে নেমে বিক্ষোভে নামেন পোশাকশ্রমিকরা, যার ফলে মহাখালী-নাবিস্কো এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার পর নাসা গ্রুপের প্রায় ৭০০ থেকে ৮০০ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে তেজগাঁও-মহাখালী ও উত্তরা-মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক পুলিশ বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেয়। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে যানবাহন চলাচল চালু রাখার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি গুলশান ও কাকলী হয়ে বিকল্প সড়কগুলোও ব্যবহার করতে বলা হয়।
প্রায় এক ঘণ্টা বিক্ষোভের পর বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
মতামত দিন