অপরাধ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদা না দেওয়ায় যুবকের উপর এসিড হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্থানীয় প্রভাবশালীদের চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয়েছেন ট্রাকচালক মামুন খাঁ। তাকে নির্মমভাবে পিটিয়ে, পরে শরীরে এসিড ঢেলে গুরুতর আহত করা হয়।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন, চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করেছেন।

মামুনের বাবা আব্দুল গনি খাঁ শুক্রবার (৩ এপ্রিল) মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, মামুন খাঁ কাকড়াবুনিয়া ইউনিয়নের বাসিন্দা এবং মহেন্দ্র ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় প্রভাবশালী কামাল হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলেও মামুন তা দিতে অস্বীকার করেন।

৩০ মার্চ রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে হঠাৎ আক্রমণ করে। রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়। এরপর মাটিতে লুটিয়ে পড়ার সময় তার শরীরে এসিড নিক্ষেপ করা হয়। চিৎকারে গ্রামবাসী এসে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ১ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

মামুনের বাবা অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করেছেন এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করেছেন। অভিযোগ অস্বীকার করে কামাল হোসেন বলেন, তিনি এ ঘটনায় কোনোভাবে জড়িত নন এবং এটি একটি সাজানো নাটক।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালাম জানিয়েছেন, মামলার তদন্ত চলছে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন