আফগানিস্তানে ভূমিকম্পে বাড়ি ধসে একই পরিবারের ৮ জন নিহত।
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ে একই পরিবারের অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। ঘটনাটি ঘটেছে কাবুল প্রদেশের গসফন্দ দারা এলাকায়।
শনিবার (৪ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় দুই বছর বয়সী একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে সে আহত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৪২ মিনিটে ৫.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৮৬ কিলোমিটার।
রাজধানী কাবুল কেন্দ্রস্থল থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে হলেও সেখানে কম্পন অনুভূত হয়। এছাড়া আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল, ভারতের নয়াদিল্লি এবং পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, সোয়াতসহ কয়েকটি এলাকাতেও কম্পন টের পাওয়া গেছে।
তবে কেন্দ্রস্থলের কাছাকাছি দুর্গম এলাকায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সূত্র: আল-জাজিরা

মতামত দিন