নকল আর অনিয়ম আমরা বন্ধ করেই ছাড়ব: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বলেছেন, আগামী এসএসসি পরীক্ষায় কোনো রকম নকল বা অনিয়ম বরদাস্ত করা হবে না। পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থা করা হয়েছে, যা পূর্বে ছিল না।
শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা শিক্ষাবোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, নকলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের সূচনা হয়েছিল ২০০১ সালে কুমিল্লায়। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭২ থেকে ২০০১ সালের মধ্যে নকলের সঙ্গে কিছু শিক্ষকেরও সম্পৃক্ততা ছিল। ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে তিনি নকল রোধে সংগ্রাম চালিয়েছেন এবং সেই সময় শিক্ষকরাই তাকে সহযোগিতা করেছেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁকে শিক্ষার দায়িত্ব দিয়েছেন। তাঁর লক্ষ্য শিক্ষাক্ষেত্রে সততা বজায় রাখা। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “যদি শিক্ষকরা সত্যিই ছাত্রদের পড়াশোনায় মনোযোগ দেন, তবে তাদের সদকায়ে জারিয়া প্রদান করা হবে। শিক্ষা মন্ত্রণালয় আমার ইবাদতখানা; এখানে কোনো অসৎ কাজ চলতে দেওয়া হবে না।”
মন্ত্রী আরও জানান, শিক্ষক ও কর্মকর্তাদের সবসময় প্রটেকশন দেওয়া হয় এবং আহত হলে আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে শিক্ষায় অনিয়মকে কোনোভাবেই অনুমোদন দেওয়া হবে না।
ড. এহছানুল হক বলেন, ২০২৬ সালের পরীক্ষায় যেসব স্কুলে পরীক্ষার্থীদের পাশের হার শূন্য থাকবে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মতামত দিন