বিএনপি ক্ষমতায় আসার পর মুখোশ উন্মোচিত হচ্ছে: নাহিদ ইসলাম।
এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, ক্ষমতায় আসার পর বিএনপির প্রকৃত স্বরূপ স্পষ্ট হয়ে উঠেছে। শনিবার (৪ এপ্রিল) পবিত্র ওমরাহ শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম জানান, ৫ আগস্টের পর থেকেই দেশে রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল। তিনি বলেন, “নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা আমরা জানিয়েছিলাম, কিন্তু বিএনপি শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে, অথচ দেশের সংস্কারের প্রয়োজন অনুধাবন করছে না। তারা গণভোটের ফলাফলকে মানতে অস্বীকার করছে এবং নতুন অজুহাত দেখাচ্ছে।”
তিনি আরও বলেন, বিএনপি এখন গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করছে না। এতে রয়েছে গুম প্রতিকার ও প্রতিরোধ, জাতীয় মানবাধিকার কমিশন এবং বিচারপতি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ। নাহিদ ইসলাম অভিযোগ করেন, এগুলো বাতিল করে বিএনপি আগের স্বৈরতান্ত্রিক ব্যবস্থাই বজায় রাখতে চাইছে, যেখানে নির্বাহী ক্ষমতা অনির্দিষ্ট।
এনসিপির আহ্বায়ক বলেন, “বিএনপি এক ধরনের সংস্কারবিরোধী দল। তারা ১৬ বছর আন্দোলন করেছে, কিন্তু জনগণ তাদের আন্দোলনে সাড়া দেয়নি। এখন ক্ষমতায় আসার পর তাদের প্রকৃত রূপ মানুষের সামনে প্রকাশ পাচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, সংসদে সমাধান না পাওয়ায় রাজপথে অবস্থান নিতে হচ্ছে। পাশাপাশি তিনি সতর্ক করেন যে, সামনের অর্থনৈতিক মন্দা এবং আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য না থাকলে সরকার পরিচালনায় সমস্যার মুখোমুখি হবে।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, বিএনপি ৭০ শতাংশ ভোটকে উপেক্ষা করে সিদ্ধান্ত নিচ্ছে এবং জনগণের আস্থা অর্জন না করেই তারা সরকার চালাচ্ছে।

মতামত দিন