আমেরিকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হলো বাংলাদেশি নারীকে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) এক প্রবাসী বাংলাদেশি নারী নীলুফার ইয়াসমিন (৪৮) নৃশংসভাবে নিহত হয়েছেন। পুলিশ অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০) কে দ্রুত গ্রেপ্তার করেছে।
স্থানীয় সময় সকালে ফোর্ট মায়ার্সের একটি গ্যাস স্টেশনের সামনে অভিযুক্ত ব্যক্তি নীলুফারের ওপর হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত নীলুফার বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি ফোর্ট মায়ার্সের ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোর-এ ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ১৬ ও ২০ বছর বয়সী দুই কন্যাসন্তান রয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ৩১ মার্চ অভিযুক্ত রোলবার্ট ওই দোকানের এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হওয়ার পর নীলুফারের কাছে টাকা দাবি করেছিলেন। নীলুফার তাকে বোঝান যে ভুল পিন নম্বরের কারণে টাকা আসেনি এবং মেশিনের দায়ভার তাঁর নয়। ঘটনার পর রোলবার্ট সেদিন চলে গেলেও পরদিন ভোরে তিনি ফের ফিরে নীলুফারের গাড়ি ভাঙচুর শুরু করেন। নীলুফার বাধা দিতে গেলে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।
রোলবার্ট জোয়াচিন গৃহহীন এবং দীর্ঘদিনের মানসিক রোগী হিসেবে পরিচিত। পুলিশ তাঁর বিরুদ্ধে হত্যাকাণ্ড ও সম্পত্তি ধ্বংসের অভিযোগে লি কাউন্টি জেলে পাঠিয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পুলিশও সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেপ্তারির বিষয়টি নিশ্চিত করেছে এবং ঘটনার বিষয়ে অতিরিক্ত তথ্য থাকলে জানানোর আহ্বান জানিয়েছে।
মতামত দিন